লালমনিরহাটে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ এবং বিভিন্ন উপকারভোগীদের মাঝে হুইল চেয়ার, বাইসাইকেল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) সকাল ১১ টায় লালমনিরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে লালমনিরহাট সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ঢেউটিন, হুইল চেয়ার, বাইসাইকেল ও নগদ অর্থ বিতরণ করা হয়।
লালমনিরহাট সদরউপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোনীতা দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
প্রধান অতিথির বক্তব্যে আসাদুল হাবিব দুলু বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম অগ্রাধিকার। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘরবাড়ি মেরামত ও পূর্ণনির্মাণে সহায়ক হবে। আগামীতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল মিয়া, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও সুবিধাভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।




