সুন্দরবন অঞ্চলে দস্যু দমনে চলমান বিশেষ অভিযানে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড”-এর আওতায় কুখ্যাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মোঃ আব্দুস সামাদ মোল্লাকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয়েছে।
আটককৃত আব্দুস সামাদ মোল্লা (৩৫) বাগেরহাট জেলার রামপাল উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে দস্যু কার্যক্রমে জড়িত ছিলেন বলে জানিয়েছে কোস্ট গার্ড।
মঙ্গলবার (২১ এপ্রিল ) সকালে মোংলা বেইজে প্রেস ব্রিফিংয়ে বিসিজিএস মনসুর আলীর নেভিগেটিং কর্মকর্তা লেঃ কমান্ডার জামিলুর রহমান এসব তথ্য জানান।
তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় সুন্দরবনে সক্রিয় বনদস্যুদের বিরুদ্ধে কোস্ট গার্ড কঠোর অবস্থানে রয়েছে। এরই অংশ হিসেবে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এই অভিযানের ধারাবাহিকতায় তৃতীয়বারের মতো পরিচালিত অভিযানে ছোট সুমন বাহিনীর অন্যতম শীর্ষ সদস্যকে আটক করা সম্ভব হয়েছে।
তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২০ এপ্রিল) রাত ১০টার দিকে বাগেরহাটের রামপাল থানাধীন শুকদারা বাজার এলাকায় অভিযান চালিয়ে আব্দুস সামাদ মোল্লাকে আটক করা হয়। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে সেখানে এসেছিলেন।
আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২১ এপ্রিল) ভোররাতে মোংলা থানার সুন্দরবনের নন্দবালা খাল সংলগ্ন এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি একনলা বন্দুক, একটি এয়ারগান এবং ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।




