মঙ্গলবার,২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

কালিগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও লুটপাটের অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কালিগঞ্জে দলীয় প্রভাব খাটিয়ে অন্যের ক্রয়কৃত সম্পত্তি দখল ও ঘেরের মাছ লুটপাটের অভিযোগ উঠেছে ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সভাপতি আফসার উদ্দিন গাজীর বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার ও জানমালের নিরাপত্তা চেয়ে ভুক্তভোগীদের পক্ষ থেকে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কালিগঞ্জ উপজেলার দাদপুর গ্রামের আব্দুস সাত্তার।

​লিখিত বক্তব্যে আব্দুস সাত্তার জানান, ২০০৭ সালে তার তিন ভাই কালিগঞ্জ থানার দমদমা মৌজায় এসএ রেকর্ডীয় মালিক কুলসুম বিবির কাছ থেকে জমি ক্রয় করেন। জমি ক্রয়ের পর থেকেই বিএনপি নেতা আফসার গাজী মালিকানা দাবি করে আদালতে মামলা করেন। তবে ২০১১ এবং পরবর্তীতে ২০১৭ সালেও বিজ্ঞ আদালত আফসার গাজীর অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করে প্রকৃত ক্রেতাদের পক্ষেই রায় প্রদান করেন। আদালতের রায়ের প্রেক্ষিতে ভুক্তভোগীরা জমির নামজারি ও খাজনা পরিশোধ করে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন।

​অভিযোগে বলা হয়, গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে আফসার গাজী বেপরোয়া হয়ে ওঠেন। তিনি দলীয় প্রভাব খাটিয়ে ভাড়াটে লোকজন নিয়ে জমিটি জবরদখলের চেষ্টা চালান এবং উল্টো আদালতে ১৪৫ ধারায় মামলা করেন। আদালতের নির্দেশে থানা পুলিশ বিষয়টি তদন্তাধীন রেখে ওই জমিতে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে। তবে তদন্ত কর্মকর্তার সেই নিষেধাজ্ঞা অমান্য করে গত রোববার আফসার গাজীর নেতৃত্বে ঘেরের কোরাল, টেংরা ও বাগদাসহ প্রায় ১ লাখ ৮০ হাজার টাকার মাছ লুট করা হয়। পাশাপাশি ঘেরের ঘর ভাঙচুর এবং বেড়িবাঁধ কেটে দিয়ে আরও বিপুল অঙ্কের ক্ষতিসাধন করা হয়েছে।

​সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, লুটপাটে বাধা দিতে গেলে তাদের মারধর ও খুনের হুমকি দেওয়া হচ্ছে। এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে আফসার গাজী একাধিক ব্যক্তির বিরুদ্ধে হয়রানিমূলক মামলা ও জমি জবরদখলের মতো কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন বলেও দাবি করা হয়। এ বিষয়ে ইতিমধ্যে পাঁচজনের নাম উল্লেখ করে কালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী পরিবারটি তাদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে সাতক্ষীরার জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন