গাজীপুরে কালিগঞ্জ-গুলিস্তান রোডে KTL বাস সার্ভিস উদ্বোধন করেন ফজলুল হক মিলন (এমপি)

যাত্রী চলাচলের সুবিধার্থে  কালীগঞ্জ দেওপাড়া থেকে গুলিস্তান পর্যন্ত বাস সার্ভিসের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার দেওপাড়া ফেরিঘাট এলাকায় ফিতা কেটে বাস সার্ভিসের উদ্বোধন করেন গাজীপুর-৫  আসনের সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন এবং কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে ফজলুল হক মিলন বলেন, মহাসড়কে তিন চাকার যান ও অবৈধ যানবাহন চলাচল না করায় যাত্রীদের যাতায়াতের কথা চিন্তা করে এ KTL বাস সার্ভিস চালু করা হয়েছে। এ সম্পদ রাস্তায় চলাচলের সময় এর সুরক্ষার জন্য তিনি সকলকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম বলেন, মহাসড়কে অটোরিকশা, ইজিবাইক চলাচল করতে পারবে না। এগুলো শাখা রোডে চলাচল করবে। এসব যানবাহন থেকে কেউ কোন ধরণের চাঁদা নিতে পারবে না। নিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
কালিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা আরও বলেন যাত্রীদের চলাচলের সুবিধার্থে ওই সার্ভিসের বাসগুলো গাজীপুরে কালিগঞ্জ পৌরসভার দেওপাড়া ফেরিঘাট থেকে টঙ্গী হয়ে গুলিস্তান পর্যন্ত চলাচল করবে। এই রুটে মোট ২০টি বাস চলাচল করবে। যাত্রীর সংখ্যা বিবেচনা করে বাস আরো বাড়ানো হবে হতে পারে।
অনুষ্ঠানে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন, কালীগঞ্জ থানা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মাস্টার, উপজেলা দুর্নীতি দমন কমিশনের সভাপতি নায়েবুর রহমান মাসুদ (ভিপি), উপজেলার বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গনমাধ্যম কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন