নাটোরে বোতলে তেল না পেয়ে ক্ষোভ, রাতে ফিরে পাম্পকর্মীর ওপর হামলা

নাটোর শহরে বোতলে তেল দিতে অস্বীকৃতি জানানোকে কেন্দ্র করে এক পেট্রোল পাম্প কর্মচারীর ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে, যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মঙ্গলবার (রাত ৮টা ৯ মিনিটে) শহরের হাফরাস্তা এলাকায় ঘটে যাওয়া এই ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।
আহত কর্মচারীর নাম শানু রায়। তিনি উত্তর চৌকিরপাড় এলাকার বাসিন্দা এবং পার্থ রায়ের ছেলে। হামলার শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
পাম্প কর্তৃপক্ষ জানায়, বিকেলের দিকে এক যুবক প্লাস্টিকের বোতলে তেল নিতে এলে প্রশাসনিক নিষেধাজ্ঞার কারণে কর্মচারীরা তা দিতে অস্বীকৃতি জানান। এতে ওই যুবক ক্ষুব্ধ হয়ে ঘটনাস্থল ত্যাগ করে। তবে বিষয়টি সেখানেই শেষ হয়নি। অভিযোগ রয়েছে, পূর্বপরিকল্পিতভাবে ওই যুবক রাতে আবার পাম্পে ফিরে আসে এবং কাপড়ের ভেতরে লুকিয়ে রাখা কাঠের বাটাম দিয়ে অতর্কিতভাবে শানু রায়ের ওপর হামলা চালায়।
হামলার পরপরই অভিযুক্ত ব্যক্তি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আহত কর্মচারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পুরো ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যা দেখে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ আরও বেড়েছে।
এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলাকারীকে শনাক্তের চেষ্টা চলছে। লিখিত অভিযোগ পেলে তার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
এদিকে, এমন হামলার ঘটনায় পাম্প মালিকসহ স্থানীয় ব্যবসায়ীরা নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন