১৬ থেকে ১৮ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপনের অংশ হিসেবে মঙ্গলবার দামুড়হুদা উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য সড়ক র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মোঃ রুহুল আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন।
মৎস্য খাতে উৎপাদন বৃদ্ধি, মৎস্যচাষীদের সক্ষমতা উন্নয়ন, আধুনিক ও টেকসই মৎস্যচাষে উৎসাহ প্রদান এবং স্থানীয় পর্যায়ে মৎস্যসম্পদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ওয়েভ ফাউন্ডেশনকে এ সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা স্মারক পাওয়ায় ওয়েভ ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়, এ স্বীকৃতি তাদের চলমান কার্যক্রমের প্রতি একটি গুরুত্বপূর্ণ প্রেরণা। মৎস্য খাতের উন্নয়নে মাঠপর্যায়ে কাজ করা সংগঠনের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষী, শুভাকাঙ্ক্ষী ও সহযোগী সকলের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে।
ওয়েভ ফাউন্ডেশনের পক্ষ থেকে আরও বলা হয়, মৎস্যচাষীদের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনীতিতে মৎস্য খাতের অবদান আরও শক্তিশালী করতে ভবিষ্যতেও তারা নিষ্ঠা ও দায়বদ্ধতার সঙ্গে কাজ করে যেতে চান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, কর্মসংস্থান এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে মৎস্য খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক প্রযুক্তি ও টেকসই পদ্ধতির মাধ্যমে মৎস্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি চাষীদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন।
জাতীয় মৎস্য পক্ষের এ আয়োজনের মধ্য দিয়ে মৎস্য খাতের সঙ্গে সংশ্লিষ্টদের অবদানকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি নতুন প্রজন্মকে মৎস্যচাষে উৎসাহিত করার একটি ইতিবাচক বার্তা উঠে এসেছে।
“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রত্যয়কে সামনে রেখে মৎস্য খাতের উন্নয়নে ওয়েভ ফাউন্ডেশনের এ স্বীকৃতি তাদের আগামী দিনের পথচলায় নতুন উদ্দীপনা ও দায়বদ্ধতা সৃষ্টি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



