সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সাতক্ষীরা স্টেডিয়ামে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ শুরু হয়েছে। সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আবু জাহিদ ডাবলু’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মিজ্ কাউসার আজিজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবু সালেহ মো. আশরাফুল আলম, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান এবং জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমানসহ জেলা ক্রীড়া সংস্থার সদস্য এইচ এম রহমাতুল্লাহ পলাশ প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রতিযোগিতার বিভিন্ন ইনডোর ক্রীড়া ইভেন্টের কার্যক্রম শুরু হয়। এ সময় অন্যান্যের মধ্যে ইকবাল কবির খান বাপ্পি, খন্দকার আরিফ হাসান প্রিন্স, মো. আলতাফ হোসেন, কাজী কামরুজ্জামান, ইমাদুল হক খান ও মুফাচ্ছিনুল ইসলাম তপুসহ বিভিন্ন ক্রীড়া ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, খেলাধুলার চর্চা বাড়ানো এবং স্থানীয় ক্রীড়াবিদদের উৎসাহিত করার উদ্দেশ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে দাবাসহ বিভিন্ন আকর্ষণীয় ইনডোর খেলায় প্রতিযোগীরা অংশ নিচ্ছেন। উদ্বোধনী দিনে ক্রীড়া সংস্থার বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় ক্লাবের প্রতিনিধি এবং বিপুলসংখ্যক ক্রীড়াবিদ উপস্থিত ছিলেন।



