বান্দরবানের আলীকদমে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১১ জন।
শনিবার (৮ আগস্ট) দুপুরে আলীকদম-চকরিয়া সড়কের চৈক্ষ্যং ইউনিয়নের তারাবুনিয়া এলাকার কলেজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হোসাইন (৩৫) কক্সবাজারের চকরিয়া উপজেলার কোচ পাড়ার সাহাবুদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে চকরিয়া থেকে যাত্রী নিয়ে একটি বাস আলীকদম যাচ্ছিল। পথে তারাবুনিয়া এলাকায় পৌঁছালে সামনের চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারান এবং বাসটি সড়কের পাশে থাকা একটি বড় গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং বাসে থাকা অন্তত ১১ জন যাত্রী আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পথচারীরা আহত ব্যক্তিদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসকেরা জানান, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চট্টগ্রামে নেওয়ার পথেই হোসাইন মারা যান।
আলীকদম থানার উপপরিদর্শক (এসআই) নিশাত বড়ুয়া বলেন, চকরিয়া থেকে আলীকদম আসার পথে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। বাসটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।




