
দিনাজপুরের কাহারোল উপজেলায় নিয়মবহির্ভূতভাবে বিপুল পরিমাণ সার মজুত রাখার দায়ে এক খুচরা সার ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় শত শত বস্তা সার জব্দ করে কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়।
বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টার দিকে কাহারোল উপজেলা গেট সংলগ্ন মেসার্স অরিন ট্রেডার্সে অভিযান পরিচালনা করেন কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোকলেদা খাতুন মীম এবং দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সিহাব মোহাম্মদ ইমতিয়াজ।
অভিযানে উপজেলার সরঞ্জা গ্রামের তাজিবুল হকের ছেলে মো. খাইরুল ইসলাম (৩২)-কে সার ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি এবং কৃষকদের ভোগান্তি বাড়ানোর অভিযোগে ওই প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানে ৩০৯ বস্তা টিএসপি, ৯৬ বস্তা ইউরিয়া এবং ৪৭ বস্তা এমওপি সার জব্দ করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহিদুর রহমান, কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিমুর রহমান সেলিমসহ পুলিশের একটি দল।
কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেদা খাতুন মীম বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধভাবে সার মজুত, কালোবাজারি এবং কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে কৃষকদের জিম্মি করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, জব্দকৃত সার তাৎক্ষণিকভাবে কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়েছে এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা করা হবে।




