
নগরবাসীর নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে এবং সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত রাখতে কুমিল্লা নগরীতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন।
বুধবার নগরীর পুলিশ লাইন, ঝাউতলা সড়ক এবং আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে ফুটপাতে নির্মাণসামগ্রী রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি এবং সড়কে অ্যাম্বুলেন্স রেখে যানজটের সৃষ্টি করার দায়ে দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।
অভিযান চলাকালে সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয় এবং জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানানো হয়।
এ সময় কুমিল্লা সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন।





