
জয়পুরহাটের ক্ষেতলালে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত নারীদের আয়বর্ধক কর্মসূচির আওতায় বিনামূল্যে ৮৪টি বকনা গরু বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে উপকারভোগীদের মাঝে এসব গরু বিতরণ করা হয়।
উপজেলা সমাজসেবা কার্যালয় ও এসডিএস এনজিওর যৌথ উদ্যোগে ‘বৈশ্বিক মহামারির প্রেক্ষাপটে জয়পুরহাট জেলার প্রান্তিক জনগোষ্ঠীর কৃষক প্রতিবন্ধী সুবিধাবঞ্চিত এবং বিধবা ও স্বামী পরিত্যক্তা মহিলাদের আয়বর্ধক কর্মসূচির মাধ্যমে জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক আল-মামুন মিয়া। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রউফ, ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাছুদ আঞ্জুমান, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলীম, সাধারণ সম্পাদক প্রভাষক নাফেউল হাদী মিঠু, মামুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নূরুন্নবী সাইফুল, এসডিএস এনজিওর নির্বাহী পরিচালক আয়েশা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোয়ায়েব মাহবুব ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপক আনিছুর রহমান।
গরু পাওয়া মামুদপুর ইউনিয়নের ধোনতলা গ্রামের উপকারভোগী ফরিদা (৫০) বলেন গরু পেয়ে আমি খুব খুশি। কোনো দিন ভাবিনি আমার নিজের একটি গরু হবে। এটি আমার পরিবারের জন্য আয়ের একটি সুযোগ তৈরি করবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সী বলেন গরুগুলো সঠিকভাবে লালন পালন করা হলে উপকারভোগীরা দীর্ঘমেয়াদে আর্থিকভাবে লাভবান হতে পারবেন।
জেলা প্রশাসক আল-মামুন মিয়া বলেন এ উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত নারীরা আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত হয়ে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন।
অনুষ্ঠানে বক্তারা উপকারভোগীদের গবাদিপশুর সঠিক পরিচর্যা খাদ্য ব্যবস্থাপনা ও রোগবালাই প্রতিরোধে প্রয়োজনীয় যত্ন নেওয়ার আহ্বান জানান।





