আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইসলামিক সেন্টারে রাঙ্গামাটি পৌর জামায়াতের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও কর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। পরে ইসলামী সংগীত পরিবেশন করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, তাদের প্রথম লক্ষ্য হলো গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে জয়যুক্ত করা।
পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নম্বর পার্বত্য রাঙ্গামাটি সংসদীয় আসনে রিকশা প্রতীককে বিজয়ী করা।
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি পার্বত্য জেলার সেক্রেটারি মোঃ মুনসুরুল হক বলেন, রাঙ্গামাটিতে রিকশা প্রতীকের বিজয় নিশ্চিত করতে তারা সর্বোচ্চ শক্তি দিয়ে মাঠে কাজ করবেন।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি পার্বত্য জেলার আমির আব্দুল আলীম বলেন, আবু বক্কর ছিদ্দিকের বিজয় মানে ১০ দলীয় জোটের শক্তিশালী অবস্থান নিশ্চিত হওয়া। তিনি জামায়াতে ইসলামীর সকল স্তরের নেতাকর্মীদের রিকশা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনায়েত উল্লাহ আল মাদানী, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ২৯৯ নম্বর পার্বত্য রাঙ্গামাটি সংসদীয় আসন, বাংলাদেশ খেলাফতে মজলিস। তিনি বলেন, রিকশা প্রতীককে বিজয়ী করতে তিনি রাঙ্গামাটির প্রতিটি এলাকায় গণসংযোগ চালাবেন।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ২৯৯ নম্বর পার্বত্য রাঙ্গামাটি আসনে ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী আবু বক্কর ছিদ্দিক। এছাড়াও জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির, শ্রমিক কল্যাণ ফেডারেশন ও জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।




