দুর্নীতির পাতা ধরে টানাটানি করবো না, শিকড় ধরে তুলে ফেলবো ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা দুর্নীতির পাতা ধরে টানাটানি করবো না, আমরা দুর্নীতির শিকড় ধরে তুলে ফেলবো। জামায়াতে ইসলামের কোনো কর্মী কখনো চাঁদাবাজি বা টেন্ডারবাজির সঙ্গে জড়িয়েছে—এমন নজির নেই। যারা এসব করছে, আমরা তাদের বিরুদ্ধেই দাঁড়িয়েছি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় বাগেরহাটের খানজাহান আলী (রহ.) মাজার মাঠে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফের পক্ষে রয়েছে। আমরা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে চাই, যেখানে মানুষের জানমাল ও সম্মান নিরাপদ থাকবে।

তিনি আরও বলেন, আজ জামায়াতের পক্ষে অসংখ্য নারী মাঠে কাজ করছেন, রাজপথে নেমেছেন। কারণ তারা বিশ্বাস করেন, জামায়াতে ইসলামীর হাতেই তাদের ইজ্জত ও জানমালের নিরাপত্তা নিশ্চিত হবে।

জামায়াতের ওপর নির্যাতনের চিত্র তুলে ধরে তিনি বলেন, যে দলের ১১ জন শীর্ষস্থানীয় নেতাকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে, হাজারের বেশি নেতাকর্মীকে দুনিয়া থেকে তুলে নেওয়া হয়েছে, আড়াই শতাধিক সহকর্মীকে আয়নাঘরে বন্দি রাখা হয়েছে, গুম ও খুন করা হয়েছে—সেই দলটি হলো জামায়াতে ইসলামী। নেতাকর্মীদের বাড়িঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, শেষ পর্যন্ত দলের নিবন্ধন ও প্রতীক কেড়ে নিয়ে সংগঠনকেই নিষিদ্ধ করা হয়েছে।

তিনি এই মজলুম সংগঠনকে শক্তিশালী করতে আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. নুরুল ইসলাম সাদ্দাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি মো. রিয়াজুল ইসলাম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি শেখ কামরুল আলম।

এছাড়া বক্তব্য দেন বাগেরহাট-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মশিউর রহমান খান, বাগেরহাট-২ আসনে শেখ মনঞ্জুরুল হক রাহাদ, বাগেরহাট-৩ আসনে মাওলানা আব্দুল ওয়াদুদ এবং বাগেরহাট-৪ আসনে অধ্যক্ষ আব্দুল আলীমসহ অন্যান্য নেতৃবৃন্দ।##

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন