
‘আমার দিন, আমার অধিকার, আমার ভবিষ্যৎ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বিশ্ব শিশু দিবস পালিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টার সময় শাপলা মহিলা সংস্থার ‘প্রজন্ম সোপান প্রকল্প’
দৌলতদিয়া কার্যালয়ের উদ্যোগে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে প্রথমে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে এক আলোচনা সভা ও শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিশু সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব পত্রিকার সাংবাদিক মোজাম্মেল হক লালটু, পায়াকট বাংলাদেশ সংস্থার প্রোগ্রাম ম্যানেজার মো. মজিবুর রহমান জুয়েল, বেসরকারি উন্নয়ন সংস্থা পিএসটিসির স্বাস্থ্যকর্মী নাহিদা সুলতানা, অবহেলিত মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার প্রোগ্রাম ম্যানেজার ও আজকের পত্রিকার জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম শামীম, প্রজন্ম সোপান প্রকল্পের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. খোরশেদ আলম, দৈনিক সংবাদ পত্রিকার সাংবাদিক মো. রাজিব শেখ এবং প্রজন্ম সোপান প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর ইনফর্মার মো. জিয়াউর রহমান প্রমুখ। আলোচনা সভায় বক্তারা শিশুদের সুরক্ষা, শিক্ষা ও মৌলিক অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।





