
রপ্তানীমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় দিনব্যাপী ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগ, চুয়াডাঙ্গার বাস্তবায়নে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে (চুয়াডাঙ্গা সদর) এই প্রদর্শনীর আয়োজন করা হয়।
প্রদর্শনীতে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর কারিগরি সহযোগিতায় অংশগ্রহণ করে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশন (চুয়াডাঙ্গা সদর, চুয়াডাঙ্গা)। ওয়েভ ফাউন্ডেশন ও অংশগ্রহণকারী সদস্যদের উদ্যোগে সাজানো এই স্টলে ‘উন্নত জাতের গবাদিপশু ও পোল্ট্রি’ ক্যাটাগরির অধীনে ‘দুম্বা ও দেশি হাঁস-মুরগী প্রদর্শন’ করা হয়। দিনব্যাপী এই প্রদর্শনীর অন্যতম বিশেষ আকর্ষণ হিসেবে ছিল বিদেশি জাতের দুম্বা, দেশি প্রজাতির হাঁস-মুরগি এবং পরিবেশবান্ধব সমন্বিত খামার ব্যবস্থাপনার মডেল ‘খামারের বর্জ্য যখন সম্পদ: পরিবেশ বান্ধব খামার চক্র’। স্টলে রাখা দুম্বা, দেশি প্রজাতির হাঁস-মুরগি এবং বর্জ্য ব্যবস্থাপনার এই আধুনিক মডেলটি দেখতে অতিথি এবং দর্শনার্থীদের মধ্যে ব্যাপক কৌতূহল ও ভিড় লক্ষ্য করা যায়।
বিশেষ আকর্ষণ হিসেবে প্রদর্শিত ‘খামারের বর্জ্য যখন সম্পদ: পরিবেশ বান্ধব খামার চক্র’ মডেলটিতে তিনটি ধাপে একটি পূর্ণাঙ্গ পরিবেশবান্ধব খামার চক্র তুলে ধরা হয়েছে। প্রথম ধাপে খামারের বর্জ্য হিসেবে গবাদিপশু ও হাঁস-মুরগির গোবর, বিষ্ঠা ও মূত্র সংগ্রহ করা হয়। দ্বিতীয় ধাপে এই বর্জ্য কাজে লাগিয়ে তিনটি পৃথক প্রক্রিয়ায়—বায়োগ্যাস প্ল্যান্টের মাধ্যমে জ্বালানি ও বিদ্যুৎ, কম্পোস্ট পিটে কেঁচো সার (ভার্মিকম্পোস্ট) এবং উচ্চ প্রোটিনসমৃদ্ধ পশু-পাখি ও মাছের খাদ্য হিসেবে বিএসএফ (ব্ল্যাক সোলজার ফ্লাই) লার্ভা উৎপাদন করা হয়। তৃতীয় ও চূড়ান্ত ধাপে এই উৎপাদিত জৈব সার ও লার্ভা কৃষি জমি, ঘাস চাষ এবং মাছের পুকুরে ব্যবহৃত হয়; যেখান থেকে উৎপাদিত ফসল ও ঘাস পুনরায় খামারের প্রাণীদের খাদ্য হিসেবে ফিরে আসে। পাশাপাশি খামারিদের জন্য আধুনিক অটো-ড্রিঙ্কার, ভার্মিকম্পোস্ট এবং সাইলেজ (পশুখাদ্য) প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট মোঃ মাসুদ পারভেজ। প্রদর্শনী চলাকালে তিনি জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দকে সঙ্গে নিয়ে বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রধান অতিথি ও উপস্থিত কর্মকর্তাবৃন্দ প্রান্তিক খামারি এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
আয়োজকরা জানান, দেশি প্রজাতির প্রাণিসম্পদ সংরক্ষণ, প্রান্তিক খামারিদের আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দেওয়া এবং প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী করে গড়ে তোলাই দিনব্যাপী এই প্রদর্শনীর মূল লক্ষ্য।




