ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-৩ গৌরীপুর সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরণে ‘ঘোড়া’ প্রতীকের বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে গৌরীপুর পৌর শহরের পাটবাজারস্থ প্রার্থীর ব্যক্তিগত কার্যালয় থেকে শোডাউনটি বের হয়।
পরে মিছিলটি গৌরীপুর পৌর শহর প্রদক্ষিণ করে পুণরায় পাটবাজারস্থ কার্যালয়ে এসে শেষ হয়।
এর আগে উপজেলার ১০টি ইউনিয়ন থেকে তাঁর অনুসারি ও নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে পৌর শহরে এসে জড়ো হয়।
শোডাউন শেষে আহাম্মদ তায়েবুর রহমান হিরণ বলেন, আজকে যখন আমার প্রাণপ্রিয় দল জাতীয়তাবাদী দল আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আজকে যখন আমাদের নেতৃবৃন্দ যারা আমার সাথে দীর্ঘদিন কাজ করেছেন, যাদের সঙ্গে আমি কাজ করেছি তারা যখন মিথ্যার জাল বানিয়ে আমাকে দল থেকে বহিস্কার করেছে তখন আমার দলের এই সমস্ত তৃণমূলের কর্মীরা, নেতৃস্থানীয়রা নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ মিলে আজকে আমাকে প্রার্থী করেছেন, তেমন সারা গৌরীপুর থেকে এসে আমাকে সমর্থন জানিয়েছেন। এই ঋণ আমি কোনদিন আমার পিঠের চামড়া দিয়ে শোধ করতে পারবো না।
তিনি আরও বলেন, যারা আমার দুর্দিনে আমার পাশে থেকে আমার নির্বাচন করছেন তাদের প্রতি আমার চিরকৃতজ্ঞতা রইলো। আমি শুধু একটি কথাই বলতে চাই, সামনের বারো তারিখ পর্যন্ত এই জনতার ঢল দেখে আমাদের বিজয় নিশ্চিত হয়ে যায় নাই। বারো তারিখ পর্যন্ত পরিশ্রম করতে হবে, মানুষের কাছে, ভোটারের কাছে বারবার যেতে হবে। আমরা একজন ভোটারের কাছে দশবার যাবো। বারো তারিখ ভোটের মাধ্যমে আমাদের বিজয় হবে সেদিন হবে আমাদের আনন্দের দিন, এর আগে আমরা কেউ আনন্দ প্রকাশ করবো না। আমরা যদি মিলেমিশে, কাঁধে কাঁধ মিলিয়ে ভোটারের কাছে যাই তাহলে আমরা পাস করবো ইনশাল্লাহ, আমরা বিজয়ের মালা নিশ্চয়ই পরতে পারবো। এখনো যে সময় আছে আমরা যদি প্রত্যেকটি মা-বোনের কাছে যাই, প্রত্যেকটি ঘরে ঘরে লিফলেট পৌঁছে দেই, আমাদের মার্কা ঘোড়া পৌঁছে দেই। আমরা যদি বিজয় ছিনিয়ে আনতে পারি তাহলে আমি আপনাদের কোন এমপি সাহেব হবো না, আমি কোন মন্ত্রী হবো না, আমি আপনাদের যোগ্য পাহারাদার হিসেবে থাকতে চাই। আমি চাই আগামী পাঁচ বছর যাতে মানুষের পাশে থেকে, মানুষের সেবা করে, মানুষের একজন যোগ্য পাহারাদার হিসেবে আমি সেই এমপি হতে চাই। এছাড়া আমার কিছু চাওয়ার নেই, আমি শুধু এটুকুই চাই।
এ সময় তিনি আরও বলেন, ভুলে গেলে চলবে না, অনেক ধরনের ভয় ভীতি আমাদেরকে দিচ্ছে, আপনারা নির্দ্বিধায় মাঠে কাজ করবেন। আমরা আছি পাশে, যারা আমরা একত্রিত হয়েছি, প্রত্যেকটি কর্মী, প্রত্যেকটি মানুষ আপনার পাশে আছে। আপনাদের কোথাও কোন সমস্যা হবে আমরা সবাই মিলেমিশে সেই সমস্যার সমাধান করে আসবো ইনশাল্লাহ। আমরা আচরণবিধি মেনে নির্বাচন করবো এবং সেই নির্বাচনে কেউ কোন ধরণের হুমকি-ধামকি দেয় এখন আর কেউ পরোয়া করবেন না। আপনারা শুধু শান্তিতে, শুধু নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে আপনারা ভোট দিতে যাবেন, সেই ভোট আমি কেন্দ্রও রক্ষা করবো এবং গৌরীপুরে সেই ভোট গণণা করে বিজয়ের মালা নিয়ে আসবো। আপনারা শুধু সকাল সকাল কেন্দ্রে চলে যাবেন, আমাদের ভোট কাস্ট করতে হবে। মনে রাখবেন ভোটের হার কম হতে পারে, বাড়িতে বাড়িতে ভোটারদেরকে উৎসাহ দিতে হবে, মহিলা ভোটার যেন কেন্দ্রে এসে ভোট দেয়। ভয় পাওয়ার কিছু নইে একটি ভোটও কেউ ছিনিয়ে নিতে পারবে না, যতক্ষণ পর্যন্ত এক বিন্দু রক্ত আছে ততক্ষণ পর্যন্ত সেই ভোট রক্ষা করে ছাড়বো, ইনশাল্লাহ।
কর্মসূচীতে অংশ নেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামছুউদ্দিন তালুকদার, সদস্য আব্দুল মান্নান তালুকদার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান পলাশ, আরিফুল ইসলাম ভূইয়া, সাবেক পৌর কাউন্সিলর সুজিত কুমার দাস, জিয়াউর রহমান জিয়া, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য মোস্তাফিজুর রহমান হানিফ প্রমুখ।




