দিনাজপুরের ঘোড়াঘাট পৌরশহরের দক্ষিণ নয়াপাড়া এলাকায় আলম মিয়া (৬০) নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত আলম মিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নয়াপাড়া এলাকার মৃত মোখছেদ শেখের ছেলে। তিনি স্থানীয় একটি করাতকলে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আলম মিয়া তাঁর স্ত্রীকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করতেন। শনিবার রাত আনুমানিক ৩টার দিকে বাড়ির উঠানে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁর স্ত্রী। এ সময় তাঁর মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ও গলা কাটা অবস্থায় দেখতে পান তিনি। পরে তাঁর চিৎকারে ছেলে মো. আশরাফুল ইসলামসহ স্বজনেরা এগিয়ে এসে দ্রুত উদ্ধার কাজ শুরু করেন।
পরে রাত সাড়ে ৩টার দিকে তাঁকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আলম মিয়াকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে বাংলাদেশ পুলিশ এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহটি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। হত্যাকাণ্ডের পেছনের কারণ অনুসন্ধানে কাজ চলছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



