ঘোড়াঘাটে গোপনে দেহব্যবসা: পল্লী চিকিৎসক দম্পতিসহ ৪ জন গ্রেপ্তার

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় গোপনে দেহব্যবসা পরিচালনার অভিযোগে এক পল্লী চিকিৎসক ও তার স্ত্রীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রানীগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে অবস্থিত একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— পল্লী চিকিৎসক আনোয়ার হোসেন (৫০), তার স্ত্রী যমুনা বেগম (৪০), জাহাঙ্গীর আলম (৩০) এবং তসলিমা খাতুন (৩০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই বাড়িতে অসামাজিক কার্যকলাপ চলার অভিযোগ ছিল। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী শুক্রবার রাতে এক নারী ও এক পুরুষকে আপত্তিকর অবস্থায় আটক করেন। পরে বাড়ির মালিক আনোয়ার হোসেন ও তার স্ত্রী যমুনা বেগমকেও এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আটক করা হয়।
অভিযোগ রয়েছে, আনোয়ার হোসেন তার নিজ বসতবাড়িতে নিয়মিতভাবে বহিরাগত নারী-পুরুষদের কক্ষ ভাড়া দিয়ে অনৈতিক কর্মকাণ্ডে সহায়তা করতেন। এতে স্থানীয় সামাজিক পরিবেশ বিঘ্নিত হচ্ছিল বলে এলাকাবাসী দাবি করেছেন।
খবর পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চারজনকে হেফাজতে নেয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা মিলেছে। এ ঘটনায় জনশৃঙ্খলা ও সামাজিক শান্তি বিনষ্টের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন