চকরিয়া ভূমি অফিসে চলছে ফাইল বাণিজ্য – বেড়েছে দালালের উৎপাত

কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় কার্যালয়ের বাইরে সেবাবান্ধব সুশাসনের নানা আশ্বাসবাণী ঝুললেও ভূমি অফিসে উমেদার ও ঝাড়ুদারদের ফাইল বাণিজ্যের সিন্ডিকেটে চরম জনভোগান্তির শিকার হচ্ছেন সেবাগ্রহীতারা।
স্থানীয়দের অভিযোগ, চেয়ারে আসীন প্রশাসনিক শীর্ষ কর্মকর্তার চেয়েও ভূমি অফিসে এখন বহিরাগত দালাল সিন্ডিকেট ও অসাধু কর্মচারীদের দাপট বেশি। বাইরে থেকে দৃশ্যমান পরিবর্তন দেখা গেলেও ভেতরের প্রশাসনিক নিয়ম-নীতি কার্যত জিম্মি হয়ে পড়েছে চক্রটির হাতে। ফলে সেবা নিতে আসা সাধারণ মানুষকে পদে পদে গুনতে হচ্ছে অতিরিক্ত অর্থ, পোহাতে হচ্ছে অন্তহীন ভোগান্তি।
নিয়ম অনুযায়ী, অনলাইন প্রক্রিয়ায় নামজারি (মিউটেশন) ও খতিয়ান ইস্যুর সরকারি ফি ১,১৭০ টাকা, আর এটি নিষ্পত্তির সর্বোচ্চ সময়সীমা ২৮ দিন। কিন্তু চকরিয়া ভূমি অফিসে সেবাটি নিতে এলে সরকারি কাগজের এই নিয়মের কোনো অস্তিত্বই থাকে না। এখানে ১,১৭০ টাকার সেবার জন্য খোলাখুলিই হাঁকা হচ্ছে ২০ থেকে ২৫ হাজার টাকা। আর নির্ধারিত ২৮ দিনের কাজ বছরের পর বছর ঝুলিয়ে রাখা হচ্ছে। সময় গড়াচ্ছে ১০ থেকে ১২ মাস বা তারও বেশি।
তহসিলদার নাজির ও সার্ভেয়ার থেকে শুরু করে প্রায় প্রতিটি টেবিলেই দরদাম করে চলে ফাইল লেনদেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে বা সাধারণ সেবাপ্রার্থীরা সরাসরি কথা বলতে গেলে মেলে অসংবেদনশীল আচরণ। সময়ক্ষেপণের অজুহাত হিসেবে প্রায়ই বলা হয়। আপনার ফাইল তো এসিল্যান্ড স্যারের টেবিলে আটকে আছে, স্যার সহজে সই করছেন না। শীর্ষ কর্মকর্তার অজুহাত দেখিয়ে এভাবে হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা। অভিযোগ রয়েছে, উপযুক্ত টাকার অংক মিললে বদলে দেওয়া হচ্ছে বিরোধীয় জমির তদন্ত রিপোর্টও।
সাদ্দাম হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি একটি নামজারি খতিয়ানের জন্য আবেদন করে ছিলাম। ওই নামজারি জন্য তহসিলদার, সার্ভেয়ার,নাজির এই এ তিনটি টেবিলে কর্মকতাদের ১০ হাজার টাকা দিতে হয়। এখনও পর্যন্ত ওই নামজারি খতিয়ানটি আজও সেই হাতে পাইনি। টাকা দিয়েও শুধু ঘুরাচ্ছে।
ভূমি অফিসের স্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের গণ্ডি পেরিয়ে দুর্নীতির শিকড় ছড়িয়েছে নিচের স্তর পর্যন্ত। উমেদার, ঝাড়ুদার, ও কম্পিউটার অপারেটরদের বিরুদ্ধে উঠে এসেছে সরকারি স্পর্শকাতর নথি বিক্রির অভিযোগ। অফিসের সংরক্ষিত রেকর্ড রুম থেকে গুরুত্বপূর্ণ ফাইলপত্র অনায়াসে বাইরে বের করে এনে চুক্তি করা হচ্ছে সাধারণ মানুষের সঙ্গে। এতে সরকারি গুরুত্বপূর্ণ নথিপত্র অরক্ষিত হয়ে পড়ার পাশাপাশি চরম জালিয়াতির ঝুঁকি তৈরি হয়েছে। একটা রুম থেকে একটি নথিপত্র থেকে ১৫ হাজার টাকা করে নেয়া হচ্ছে। এমনটাই অভিযোগ একাধিক ভুক্তভোগী জানান।
নাম প্রকাশ না করার শর্তে কার্যালয়ে সক্রিয় এক বহিরাগত দালাল ভেতরের অন্ধকার চিত্র ফাঁস করে বিস্ফোরক দাবি করেন, সাধারণ মানুষ মনে করে সব টাকা দালালদের পকেটে যায়। অথচ বাস্তব সত্য হলো, যে টাকা আমরা নেই তার প্রায় পুরোটাই দিতে হয় নাজির ও সার্ভেয়ারদের। টেবিল প্রতি নির্দিষ্ট টাকা না দিলে তারা ফাইলেই হাত দেন না, আমাদেরও চেনেন না। আমরা মাঝখানে আছি বলেই মানুষের কাজগুলো অন্তত হচ্ছে, তা না হলে টাকা ছাড়া কর্মকর্তা-কর্মচারীরা সেবাপ্রার্থীদের সঙ্গে কথাই বলতেন না।
চকরিয়া ভূমি অফিসকে জনবান্ধব করতে অবিলম্বে প্রয়োজন অসাধু কর্মচারীদের স্থানান্তর, গোপন ফাইল পাচার বন্ধে সিসিটিভি নজরদারি বাড়ানো এবং দালাল চক্রের বিরুদ্ধে কঠোর ও দৃশ্যমান আইনি ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান সেবাপ্রার্থীরা।
চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শফিউল আলম খবরের কাগজকে বলেন, আমি নতুন যোগদান করলাম। সুনির্দিষ্ট অভিযোগ গুলো খতিয়ে দেখব।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন