
চিকিৎসা শেষে হাজারো জনতার ভালবাসায় সিক্ত হলেন বাগেরহাট রামপালের পেড়িখালি ইউনিয়ন বিএনপি নেতা শেখ মোতাহার আলী। তিনি দীর্ঘদিন যাবত হৃদরোগে ভুগছিলেন। কয়েক মাস আগে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে অপারেশন শেষে কিছুটা সুস্থ হয়ে রবিবার বিকেলে তার নিজের এলাকায় আসেন তিনি। সেখানে পেড়িখালি ইউনিয়নের হাজার হাজার বাসিন্দা ফুলের শুভেচ্ছা জানান শেখ মোতাহার আলীকে। এ সময় আগামী নির্বাচনে তাকে পেড়িখালি ইউপি চেয়ারম্যান হিসেবে দেখতে চান বলেও স্লোগান দিতে দেখা যায় স্থানীয় বাসিন্দাদের।
দীর্ঘদিন পর এলাকায় আগমন উপলক্ষে পেড়িখালি বাজারে বিএনপি নেতা আবু হায়াতের সভাপতিত্বে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা বিএনপি নেতা কাজী জাহিদুল ইসলাম। জনসভায় বক্তব্য রাখেন, বিএনপি নেতা এনামুল কবির প্রিন্স, মুজিবুর রহমান জোয়ারদার, মোল্লা লোকমান হাকিম, যুব নেতা জিয়াউল হক জিয়া, হাওলাদার মাসুদ রানা, মৎস্যজীবী দলনেতা সাইদুর রহমান, মহিদুল ইসলাম, মহিউদ্দিন কচি, শেখ আবুবক্কার, শেখ মইনুদ্দীন, মাহমুদ খান, রনি মল্লিক পাশাসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং হাজার হাজার স্থানীয় জনতা।
জনসভায় বক্তারা বলেন, অসুস্থতার কারণে দীর্ঘদিন শেখ মোতাহার আলী এলাকায় থাকতে পারেন নাই। কিন্তু এলাকার মানুষ তার খোঁজ-খবর নিয়েছে তার সুস্থতার জন্য দোয়া করেছে। তারা চেয়েছে মোতাহার আলী তাদের মাঝে ফিরে আসুক। আগামী স্থানীয় সরকার নির্বাচনে পেড়িখালি ইউপি চেয়ারম্যান হিসাবে মোতাহার হোসেনকে দেখতে চান তারা। বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, পেড়িখালী ইউনিয়নে যোগ্য প্রার্থী হিসেবে একমাত্র মোতাহার আলীর নাম শোনা যায়। স্থানীয় জনতার দাবি এবং প্রার্থীদের জীবনবৃত্তান্ত যাচাই-বাছাই করে মোতাহার আলীকে মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা।
জনসভায় শেখ মোতাহার আলী বলেন, চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে শুয়ে শুয়ে পেড়িখালি ইউনিয়নের বাসিন্দাদের কথা চিন্তা করেছি। কারো কোন সমস্যার কথা শুনলে দ্রুত স্থানীয় নেতৃবৃন্দ ও প্রশাসনের সাথে কথা বলে সমাধানের চেষ্টা করেছি। কখনো কল্পনাও করিনি আমি আবার আপনাদের মাঝে ফিরে আসব। আপনাদের দোয়ায় আর আল্লাহর অশেষ রহমতে নতুন জীবন নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি। বাকিটা জীবন আপনাদের সেবা করেই কাটাতে চাই। চেয়ারম্যান হলেও আপনাদের পাশে আছি না হলেও আপনাদের পাশে আছি বলে জনসভায় জানান শেখ মোতাহার আলী।





