মৌজা-প্লটভিত্তিক ডিজিটাল ভূমি জোনিং নিয়ে নীলফামারীতে কর্মশালা

নীলফামারীতে ‘মৌজা ও প্লটভিত্তিক ডিজিটাল ভূমি জোনিং’ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মৌজা ও প্লটভিত্তিক ডিজিটাল ভূমি জোনিং প্রকল্পের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব মোহাম্মদ জহিরুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। কর্মশালায় বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৫০ জন অংশ নেন।

কর্মশালায় জানানো হয়, মৌজা ও প্লটভিত্তিক ডিজিটাল ভূমি জোনিং বাস্তবায়ন হলে নির্দিষ্ট এলাকার জমি পরিকল্পিতভাবে বিভিন্ন জোনে বিভক্ত করা হবে। এর আওতায় কৃষি, শিল্প, বসতি, শহর, পর্যটন ও সাংস্কৃতিক জোন নির্ধারণ করা হবে।

প্রকল্প পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরার পাশাপাশি কর্মশালায় মাঠপর্যায়ের বিভিন্ন ম্যাপ উপস্থাপন করেন।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী বলেন, ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিজমি সুরক্ষায় ‘ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষি ভূমি সুরক্ষা আইন ২০২৬’-এর মাধ্যমে সরকার প্রকল্পটি বাস্তবায়ন করছে।

কর্মশালায় আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মেহেদী মোর্শেদ এবং জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন