
চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে
(০৩ অক্টোবর) শনিবার বেলা ১১:০০ টার সময় বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা কর্তৃক প্রদত্ত মেধাবৃত্তির ক্রেস্ট, সার্টিফিকেট ও সম্মানী প্রদান অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে হস্তান্তর করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চুয়াডাঙ্গা জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার বাংলাদেশ পুলিশ চুয়াডাঙ্গা জেলার সকল পদমর্যাদার সদস্যদের সন্তানদের (কৃতি-শিক্ষার্থীদের) মধ্যে ২০২৪ ও ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় সকল বিষয়ে A+ প্রাপ্তদের মধ্যে মেধা ভিত্তিক বৃত্তি প্রদান করেন।
এসময় পুলিশ সুপার মহোদয় মেধাবী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তিনি বলেন, মেধাবী ও কৃতি সন্তানদের স্বীকৃতি ও উৎসাহ প্রদান তাদের ভবিষ্যৎ সাফল্যের পথে আরও অনুপ্রাণিত করবে। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে দেশ ও জাতির কল্যাণে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য এবং কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।





