
দক্ষ, যোগ্য ও দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলা শাখার উদ্যোগে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টায় রাজশাহী বিমান চত্বরের হলরুমে এ শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক লস্কর মোহাম্মদ তসলিম। দিক নির্দেশনামূলক বক্তব্যে তিনি বলেন, শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা এবং ইনসাফভিত্তিক সমাজ গঠনে দায়িত্বশীল নেতৃত্বের কোনো বিকল্প নেই। যোগ্য, দক্ষ ও আদর্শবান নেতৃত্বই শ্রমিক সমাজের অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, শ্রমিকদের কল্যাণে ট্রেড ইউনিয়নভিত্তিক সংগঠনগুলোকে আরও কার্যকর ও সুসংগঠিত করতে প্রশিক্ষণের মাধ্যমে নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি করা প্রয়োজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলার সাবেক সভাপতি ও প্রধান উপদেষ্টা আব্দুল খালেক এবং অঞ্চল পরিচালক মাওলানা আব্দুস সবুর।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলার সভাপতি অধ্যাপক মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা বৈঠকে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আবদুল কাদের, আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সদস্যরা।
বক্তারা সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করার পাশাপাশি শ্রমিকদের সার্বিক কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।





