জয়পুরহাটে বৃষ্টিতে ভাসছে কৃষকের স্বপ্ন

টানা ও থেমে থেমে বৃষ্টিতে জয়পুরহাটের নিচু জমিতে রোপণ করা আগাম জাতের আলু এবং কেটে রাখা পাকা আমন ধান পানিতে তলিয়ে গেছে। এতে ফসলের ক্ষতির আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে জেলায় ৭০ হাজার ১১০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। এর মধ্যে ৪ হাজার ১১৫ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া জেলায় এবার ৩৮ হাজার ৫০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে ৭ হাজার ৪৪০ হেক্টর জমিতে আলু রোপণ করা হয়েছে। বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে ১ হাজার ২৩৭ হেক্টর জমি। পাশাপাশি পেঁয়াজ, সরিষাসহ ১ হাজার ৫১১ হেক্টর জমির শাকসবজিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় কৃষকরা জানান, মাঠে আমন ধান কাটা শুরু হয়েছে। ইতোমধ্যে প্রায় অর্ধেক ধান ঘরে তোলা হয়েছে। ধান কেটে ফাঁকা করা জমিতে আগাম জাতের আলু রোপণ করেছিলেন তারা। কিন্তু বৃষ্টির পানিতে নিচু জমি তলিয়ে যাওয়ায় আলুর বীজের ওপর মাটি জমেছে। এতে চারা গজানোর আগেই বীজ পচে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এবার জেলায় প্রায় ৩ হাজার ৪৩০ হেক্টর জমিতে আগাম জাতের আলু রোপণের পরিকল্পনা রয়েছে।
অন্যদিকে, জমিতে কেটে রাখা পাকা ধান পানিতে তলিয়ে যাওয়ায় ধান কাটা ও মাড়াইয়ের কাজ ব্যাহত হচ্ছে। এতে ধানের পাশাপাশি খড় নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। ফলে গোখাদ্যের সংকটও দেখা দিতে পারে। টানা বৃষ্টিতে দিনমজুরদের কাজ বন্ধ থাকায় কমে গেছে তাদের আয়। কৃষকদের আশঙ্কা, আরও এক-দুই দিন বৃষ্টি অব্যাহত থাকলে ফসলের ব্যাপক ক্ষতি হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ধর্ম মন্ত্রণালয়ের অনুদান গ্রহণ অনুষ্ঠানে কোটচাঁদপুরে মেয়র পদপ্রার্থী পরভেজ আক্তার কালুর অনুদান হস্তান্তর

ঝিনাইদহের কোটচাঁদপুর কওমি মহিলা মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ে অনুদান