
জাতীয় যুব দিবস উপলক্ষে বাগেরহাটের মোড়লগঞ্জে মাদকবিরোধী সমাবেশ ও র্যালির আয়োজন করেছে জাগরণী চক্র ফাউন্ডেশনের সংযোগ প্রকল্প। যুব উন্নয়ন অধিদপ্তর, মোড়লগঞ্জ, বাগেরহাটের সার্বিক দিকনির্দেশনায় ছলেমবাড়িয়া বাসস্ট্যান্ডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন মোড়লগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব জাহিদুর রহমান। এ সময় বক্তব্য রাখেন সমাজসেবক জনাব মিরাজুল ইসলাম খসরু এবং জাগরণী চক্র ফাউন্ডেশনের সংযোগ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার জনাব আব্দুল মান্নান।
বক্তারা তাঁদের বক্তব্যে মাদকের ভয়াবহ কুফল, ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে এর নেতিবাচক প্রভাব এবং মাদকাসক্তির কারণে যুবসমাজের ভবিষ্যৎ কীভাবে বিপন্ন হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁরা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না, বরং একটি পরিবার ও সমাজের স্বাভাবিক পরিবেশকেও বিপর্যস্ত করে তোলে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি যুবসমাজকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে।
বক্তারা আরও বলেন, দেশের যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, শিক্ষা ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করতে হবে। পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। এ ক্ষেত্রে তরুণদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাগরণী চক্র ফাউন্ডেশনের সংযোগ প্রকল্পের ইউনিট ম্যানেজার জনাব মোঃ জিল্লুর রহমান। সমাবেশ শেষে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং যুবসমাজকে মাদকমুক্ত রাখার আহ্বান জানানো হয়।
জাতীয় যুব দিবসের এ কর্মসূচির মাধ্যমে মাদকমুক্ত, সচেতন ও সুস্থ যুবসমাজ গঠনে সামাজিক অংশগ্রহণ এবং সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়।





