বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, দেশে বিদ্যুৎ উৎপাদনের পর্যাপ্ত সক্ষমতা আছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো চালানোর জন্য প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ করা যাচ্ছে না। মূলত অর্থের জোগানের অভাবেই জ্বালানি নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।
রাজধানীর ঢাকা ক্লাবে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি) আয়োজিত এক সেমিনারে আজ মঙ্গলবার দুপুরে এসব কথা বলেন তিনি।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আমাদের প্রায় ৩০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আছে। কিন্তু বিদ্যুৎকেন্দ্র চালানোর জন্য প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ করতে পারছি না। জ্বালানি সরবরাহ নিশ্চিত করার জন্য তো অর্থের জোগান থাকতে হবে। সেই জোগানের জায়গাটি আসলে আমাদের হাতে নেই।
তিনি আরও বলেন, ‘আমাদের যেসব গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র রয়েছে, সেগুলো যদি পূর্ণ সক্ষমতায় চালাতে পারতাম, তাহলে আজ বিদ্যুৎসংকটে মানুষকে এই কষ্ট করতে হতো না।’
গ্যাসের চাহিদার ঘাটতি তুলে ধরে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দেশীয় উৎপাদন ও আমদানি মিলিয়ে দেশে বর্তমানে গ্যাসের চাহিদায় প্রায় ১ হাজার ২০০ এমএমসিএফডির (মিলিয়ন ঘনফুট) ঘাটতি রয়ে গেছে। কারণ, আমাদের দেশীয় কূপগুলো থেকে প্রতিবছর প্রায় ১৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন কমে যাচ্ছে।
এলএনজি আমদানি বাড়ানোর সীমাবদ্ধতা নিয়ে তিনি বলেন, ‘আপনার কাছে যদি টাকা থাকেও, তবু আপনি রাতারাতি এলএনজি আমদানি বাড়াতে পারবেন না। কারণ আপনার সেই অবকাঠামো নেই। আমাদের দেশে এলএনজির কোনো ল্যান্ড বেইজড টার্মিনাল নেই। আমাদের ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) আছে মাত্র দুটি।’
প্রতিমন্ত্রী বলেন, ৩০ থেকে ৩৬ মাসের আগে নতুন এফএসআরইউ কার্যকর করা আসলেই একটি বড় চ্যালেঞ্জ। তবে এটি বর্তমান সরকারের একটি রাজনৈতিক প্রতিশ্রুতি। দুই বছরের কম সময়ের মধ্যে এটি কীভাবে কার্যকর করা যায়, সে বিষয়ে সর্বোচ্চ চেষ্টা থাকবে বলেও জানান তিনি।
জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘এটি জনগণের সরকার। এসব কাজ করতে গিয়ে আমরা কোনো জায়গায় দেশের স্বার্থের সঙ্গে আপস করব না। সরকারের ক্রয় নীতিমালা অনুসরণ করে প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা হবে।’
তৃতীয় ও চতুর্থ এফএসআরইউ স্থাপন নিয়ে কথা হচ্ছে। গ্যাস পাইপলাইনের বিষয়টি মাথায় রেখেই এসব নিয়ে কাজ চলছে। পাশাপাশি বাপেক্সের সক্ষমতা বাড়ানোর বিষয়েও সরকার আন্তরিকভাবে কাজ করছে। শুধু যন্ত্রপাতি দিয়ে নয়, বরং তাদের কর্মীদের উপযুক্ত প্রশিক্ষণ নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে-যোগ করেন তিনি।


