
ঝিনাইদহের কোটচাঁদপুরে সন্ত্রাস বিরোধী আইন ও বিশেষ ক্ষমতা আইনের পৃথক দু’টি মামলায় আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ।
আজ বুধবার (১১ নভেম্বর ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে চালানো এক বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন কোটচাঁদপুর পৌর শ্রমিক লীগের সদস্য আশিকুল ইসলাম (২৫), উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন আলী (২৭), কোটচাঁদপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইন্তাজুল (৪৫) এবং পৌর শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহ পরান গাজী (৩২)।
পুলিশ সূত্রে জানা যায়, কোটচাঁদপুর থানার গত ১১/১১/২০২৬ তারিখের ৫ নম্বর মামলা (বিশেষ ক্ষমতা আইন) এবং ২১/০৯/২০২৬ তারিখের ১৬ নম্বর মামলার (সন্ত্রাস বিরোধী আইন) আসামী হিসেবে তাঁদের ওপর সুনির্দিষ্ট অভিযোগ ছিল। আসামীদের বিরুদ্ধে পিসিপিআর (পূর্ববর্তী অপরাধ রেকর্ড) যাচাই করে অন্য কোনো অপরাধের তথ্য পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে
আসামীদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।





