
মাদক, জুয়া, বাল্যবিবাহ ও যৌতুকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লালমনিরহাটে প্রায় ২ হাজার সাইকেল নিয়ে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। আলোকিত লালমনিরহাটের স্বেচ্ছাসেবীদের আয়োজনে এ র্যালিতে নেতৃত্ব দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি আসাদুজ্জামান হাবিব দুলু। তিনি নিজেও সাইকেল চালিয়ে র্যালিতে অংশ নেন।
রোববার (১৫ নভেম্বর) শহীদী মাঠ থেকে র্যালিটি শুরু হয়। এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে মন্ত্রী আসাদুল হাবিব দুলু মাদক, জুয়া, বাল্যবিবাহ ও যৌতুককে সামাজিক ব্যাধি হিসেবে উল্লেখ করে এসবের বিরুদ্ধে সবাইকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান। পরে তিনি র্যালির শুভ সূচনা করেন।
প্রায় ২ হাজার সাইকেল নিয়ে র্যালিটি সোহরাওয়ার্দী মাঠ থেকে মিশন মোড়, বিডিআর রোড ও কুলাঘাট বাজার অতিক্রম করে বড়বাড়ী আবুল কাসেম মহাবিদ্যালয়ে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মামুনুল হক, পুলিশ সুপারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও আলোকিত লালমনিরহাটের স্বেচ্ছাসেবীরা।
আয়োজকদের মতে, মাদক, জুয়া, বাল্যবিবাহ ও যৌতুকের মতো সামাজিক সমস্যার বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করতেই এই বৃহৎ সাইকেল র্যালির আয়োজন করা হয়।




