
নীলফামারীর ডোমার উপজেলায় ইজিবাইকের ধাক্কায় ওমর ফারুক (৮) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের কাজীরহাট বাজার এলাকায় কাজীরহাট মাইলস্টোন কিন্ডারগার্টেন স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওমর ফারুক ওই বিদ্যালয়ের স্ট্যান্ডার্ড নার্সারি শ্রেণির শিক্ষার্থী। সে উপজেলার চান্দখানা এলাকার কলোনীপাড়ার বাসিন্দা মনিরুজ্জামান নুরির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্কুলে যাওয়ার পথে রাস্তা পার হচ্ছিল ওমর ফারুক। এ সময় দ্রুতগতির একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে শিশুটি মাথা ও বুকে গুরুতর আঘাত পায়।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কাজীরহাট মাইলস্টোন কিন্ডারগার্টেনের পরিচালক জাহাঙ্গীর আলম দুর্ঘটনা ও শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।





