তারেক রহমান দেড় যুগ পর দেশে ঈদ করবেন

দীর্ঘ সাড়ে ১৮ বছর পর নিজ দেশে ঈদ করবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদের দিন কূটনীতিক, শিক্ষাবিদসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যুমনায় সকাল ১০টায় এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান হবে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। এরপর সকাল ১০টায় যমুনাতে আসবেন। সেখানে কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। পরে মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, সংসদ সদস্য, বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, আলেম-ওলামা-মাশায়েখ, শিল্পী-সাহিত্যিক, উচ্চপদস্থ সরকারি ও বেসরকারি কর্মকর্তাসহ সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। তিনি আরও জানান, ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের নিয়ে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন।

দেড় যুগ পর তারেক রহমানের এটাই দেশে প্রথম ঈদ উদযাপন হবে। তিনি ২০০৭ সালে এক-এগারোর পটপরিবর্তনের পর গ্রেপ্তার হন। এরপর ১৮ মাস কারাগারে থাকার পর ২০০৮ সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যের লন্ডনে যান।

চব্বিশে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর গত বছরের ২৫ ডিসেম্বর পরিবারকে নিয়ে দেশে ফেরেন। গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তারেক রহমান।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন