দুই কৃষকদল নেতাকে হত্যার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ মিছিল

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রাজু মোল্লা এবং নড়াইলের কালিয়া পৌর কৃষকদলের সদস্য সচিব মোঃ শাহিনকে দুর্বৃত্তদের নির্মমভাবে হত্যার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় সদর উপজেলা কৃষকদলের আয়োজনে মিছিলটি শহরের নোমানী ময়দান থেকে শুরু হয়ে চৌরঙ্গী মোড় প্রদক্ষিণ করে ভায়নার মোড়ে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন মাগুরা সদর উপজেলা কৃষকদলের সভাপতি রুবায়েত হোসেন খান। এ সময় তিনি হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। একই সঙ্গে এ বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।
মিছিলে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হীরা, সহসভাপতি মো. সুজন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা (শ্রীপুর ও মাগুরা সদর উপজেলার সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত), দপ্তর সম্পাদক মো. চঞ্চল হোসেন চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আব্দুর রহিম, সদর উপজেলা বিএনপির হাসানুর রহমান হাসুন ও কুতুব উদ্দিন আহমেদ কুতুবসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল থেকে দুই কৃষকদল নেতার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন