দুধে পানি মেশানো ও অনুমোদনহীন উৎপাদন, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কয়ড়া ও লাহিড়ী মোহনপুর এলাকায় দুধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অনিয়মের অভিযোগে দুই ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে।

অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ। এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার সাহা উপস্থিত ছিলেন।

অভিযানকালে মিল্ক অ্যানালাইজার যন্ত্রের মাধ্যমে দুধের বিশুদ্ধতা ও মান পরীক্ষা করা হয়। পরীক্ষায় দুধে ফ্যাটের পরিমাণ লেবেলে উল্লেখিত মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পাওয়া গেলেও অতিরিক্ত পানি মেশানোর প্রমাণ মেলে। এছাড়া বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া দই ও মিষ্টিসহ বিভিন্ন দুগ্ধজাত পণ্য উৎপাদন এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের অভিযোগ পাওয়া যায়।

এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভাগ্যলক্ষী মিষ্টান্ন ভান্ডারের ম্যানেজার অন্তু রায়কে ২৫ হাজার টাকা এবং দুধ সরবরাহকারী জাহাঙ্গীর হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের পাশাপাশি বিভিন্ন বাজারে গ্যাস সিলিন্ডার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য এবং সরবরাহ পরিস্থিতিও তদারকি করা হয়।
পরে কেএম ইনস্টিটিউশনের হলরুমে লাহিড়ী মোহনপুর এলাকার দুগ্ধ ব্যবসায়ীদের অংশগ্রহণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও নিরাপদ খাদ্য আইন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং উল্লাপাড়া মডেল থানার সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন