
মানিকগঞ্জের দৌলতপুর বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং ড্রাগ লাইসেন্স হালনাগাদ না থাকায় তিনটি ফার্মেসিকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর ২০২৬) দুপুর ২টার দিকে মানিকগঞ্জ জেলা ঔষধ প্রশাসন ও দৌলতপুর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে কনিকা ফার্মেসিকে ৫ হাজার টাকা, ফাইভ স্টার ফার্মেসিকে ৭ হাজার টাকা এবং তন্ময় ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৭ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার সিলভিয়া স্নিগ্ধা। এ সময় ফার্মেসিগুলোতে ওষুধের মেয়াদ, সংরক্ষণ ব্যবস্থা, ড্রাগ লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বা সংরক্ষণ করা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। পাশাপাশি বৈধ ও হালনাগাদ ড্রাগ লাইসেন্স ছাড়া ওষুধের ব্যবসা পরিচালনা আইনসঙ্গত নয়। তাই ফার্মেসি মালিকদের নিয়ম মেনে ব্যবসা পরিচালনা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বা সংরক্ষণ না করার বিষয়ে সতর্ক করা হয়।
জনস্বাস্থ্য সুরক্ষা এবং ওষুধের গুণগত মান নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।





