
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার ৭ নম্বর গুয়ারেখা ইউনিয়নের বাটনাতলা-রুদ্রপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৮টি ব্যবসাপ্রতিষ্ঠান ও পাঁচটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যবসায়ী ও বসবাসকারীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় দোকানদার সুদর্শন বড়াল জানান, বাজারের স্থানীয় চিকিৎসক তপন কুমারের ফার্মেসির পাশের চা বিক্রেতা মাইনুল ইসলামের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকান ও বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে ১৮টি ব্যবসাপ্রতিষ্ঠানসহ পাঁচটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী তপন কুমার বলেন, ‘রাত ১১টার দিকে ফার্মেসি বন্ধ করে বাড়িতে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি, আমার ফার্মেসিসহ বাজারের অনেক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এই ক্ষতি কীভাবে পুষিয়ে উঠব, তা ভেবে পাচ্ছি না।’
গুয়ারেখা ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ময়নুল হক রাসেল বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুনের ভয়াবহতা দেখতে পান। পরে নেছারাবাদ ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষতিগ্রস্তদের পাশে থেকে সহযোগিতার চেষ্টা করছেন বলেও জানান তিনি।
স্থানীয় জনপ্রতিনিধি ও সাবেক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গৌরাঙ্গ লাল বড়াল বলেন, বাটনাতলা-রুদ্রপুর বাজারে প্রায় ৫০টি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে অগ্নিকাণ্ডে ১৮টির মতো প্রতিষ্ঠান পুড়ে গেছে। প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে।
নেছারাবাদ ফায়ার স্টেশনের অফিসার মো. কলীম উল্লাহ বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করেন। তবে যোগাযোগব্যবস্থা ও ফেরি চলাচলে সমস্যার কারণে পৌঁছাতে বিলম্ব হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, ভয়াবহ এ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পরিবারগুলো চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণ করে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তার আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।




