
সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিতে আদালতে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুদকের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ এ তথ্য জানান।
দুদক জানায়, মোহাম্মদ আলী আরাফাত ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে মানি লন্ডারিং এর অভিযোগ রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও তার স্ত্রী শারমিন মুশতারীর বিদেশ গমনের জন্য পরিচালক রহিতকরণের (মানিলন্ডারিং) বরাবর আবেদন করেন তদন্ত কর্মকর্তা। বিদেশ গমন রহিতকরণের আবেদন বিজ্ঞ আদালতে দাখিলের জন্য কমিশন অনুমোদন দিয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর সাবেক তথ্য প্রতিমন্ত্রীকে আর জনসমক্ষে দেখা যায়নি। তিনি কোথায় আছেন, সে সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি।
ওই বছরের ১২ আগষ্ট আরাফাত, তার স্ত্রী ও তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় তাদের সম্মাননা ফলকে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে ‘পলাতক’ হিসেবে তালিকাভুক্ত করেছে।





