পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পর্যটকবাহী গাড়ি নিহত ২ আহত ৫ জনকে উদ্ধার করলো বিজিবি।

বান্দরবানের থানচি উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২ জন পর্যটক নিহত এবং ৫ জন গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার (০৫ অক্টোবর ২০২৬) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার ডিমপাহাড়-টেন্ডুমুখ সড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন।

স্থানীয় ও উদ্ধারকারী সূত্রে জানা যায়, বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে একটি পর্যটকবাহী ‘চান্দের গাড়ি’ ডিমপাহাড় থেকে টেন্ডুমুখ সড়কের পাহাড়ি ঢালু পথ অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় কয়েকশ ফুট গভীর খাদে পড়ে যায়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই পর্যটক প্রাণ হারান।
দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর অধীনস্থ টেন্ডুমুখ বিজিবি ক্যাম্পের একটি চৌকস উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বিজিবি সদস্যরা স্থানীয়দের সহায়তায় দুর্গম খাদ থেকে আহত ৫ জন পর্যটককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেন।
বিজিবির উদ্যোগে প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের দ্রুত উন্নত চিকিৎসার জন্য আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
এ বিষয়ে বলিপাড়া ব্যাটালিয়নের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, সীমান্ত রক্ষা ও সুরক্ষার পাশাপাশি যে কোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা দুর্ঘটনায় মানুষের পাশে দাঁড়ানো বিজিবির অন্যতম মানবিক দায়িত্ব। খবর পাওয়ার সাথে সাথেই টেন্ডুমুখ ক্যাম্পের জোয়ানরা অত্যন্ত দ্রুততার সাথে উদ্ধার কাজ শুরু করেন।
নিহত পর্যটকদের লাশ উদ্ধার করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানচি থানা পুলিশকে অবহিত করা হয়েছে। বর্তমানে দুর্ঘটনাকবলিত এলাকায় পুলিশ ও বিজিবির নজরদারি অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন