
কক্সবাজারে পাহাড়ের বালি অবৈধভাবে উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়ে একটি ড্রেজার মেশিন ও ৩০ ফুট পাইপ জব্দ করেছে বন বিভাগ। বুধবার (১৪ অক্টোবর ২০২৬) রাজারকুল রেঞ্জের দারিয়ারদীঘি বিটের কালুর দোকানসংলগ্ন ধলিয়ারছড়ি খালের পাশে এ অভিযান পরিচালনা করা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, ধলিয়ারছড়ি খালের পাশে ড্রেজার মেশিন ব্যবহার করে পাহাড়ের বালি উত্তোলনের খবর পেয়ে বন বিভাগের একটি অভিযানকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। সেখানে অভিযান চালিয়ে বালি উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন ও ৩০ ফুট পাইপ জব্দ করা হয়।
অবৈধভাবে বালি উত্তোলন বন্ধ এবং বন ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় পরিচালিত এ যৌথ অভিযানে রাজারকুল রেঞ্জ, উখিয়া রেঞ্জ, পানেরছড়া রেঞ্জ ও কক্সবাজারের স্পেশাল ফোর্সের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
এ বিষয়ে উখিয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আবদুল মান্নান জানান, বনভূমি, পাহাড় ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় বন বিভাগ দায়িত্বশীল ভূমিকা পালন করছে। প্রাকৃতিক পরিবেশের ক্ষতি করে এমন অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পরিবেশ সুরক্ষা ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে বন বিভাগের এমন উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। পাহাড় ও খাল রক্ষায় অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে নিয়মিত নজরদারি ও কার্যকর অভিযান অব্যাহত রাখা প্রয়োজন।





