মাগুরায় দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৪৪ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মাগুরায় আইনশৃঙ্খলা রক্ষা ও পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় মাগুরা শহরের নোমানী ময়দানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ের সামনে মাগুরা সদর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা’—এই মূলমন্ত্রকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেরুন্নাহার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রোকনউদ্দীন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট মোঃ মিজানুর রহমান, পিভিএম। বিশেষ অতিথি ছিলেন মাগুরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আবু বকর।
এ ছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক (টিআই) আবু হুসাইন আহমেদ, প্রশিক্ষক মোছাঃ রোকেয়া খাতুনসহ পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের ভিডিপি দলনেতা-দলনেত্রী এবং আনসার প্লাটুন কমান্ডাররা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা কমান্ড্যান্ট মোঃ মিজানুর রহমান বলেন, শারদীয় দুর্গাপূজায় দায়িত্ব পালনকারী আনসার ও ভিডিপি সদস্যদের শিফট অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে। কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের লক্ষণ দেখা গেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। দায়িত্ব পালনে সবাইকে সতর্ক, আন্তরিক ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।
তিনি জানান, মাগুরা সদর উপজেলার ২৩৯টি পূজামণ্ডপে মোট ১ হাজার ৪৪৪ জন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা মোতায়েন করা হয়েছে। এর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ পূজামণ্ডপে আটজন করে এবং কম গুরুত্বপূর্ণ পূজামণ্ডপে ছয়জন করে পুরুষ আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন।
ব্রিফিং প্যারেডে দুর্গাপূজা চলাকালে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন