রাজশাহীর পুঠিয়া উপজেলায় ড্রাম ট্রাকের চাপায় আক্কাস আলী (৫০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ মে) সকাল ৭টার দিকে ঢাকা–রাজশাহী মহাসড়কের বিড়ালদহ মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আক্কাস আলীর বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার সদর এলাকায় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি ড্রাম ট্রাক মহাসড়কে বেপরোয়া গতিতে প্রতিযোগিতা করছিল। এ সময় বিড়ালদহ মাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক দুটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আক্কাস আলীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই স্থানীয় বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাক দুটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পবা হাইওয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে উত্তেজিত জনতা পুলিশের গাড়িতেও ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে কার্যকর ব্যবস্থা নিতে পারেনি।
পরে পুঠিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হলে মহাসড়কে যান চলাচল পুনরায় শুরু হয়।
পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে উত্তেজিত জনতা পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। বর্তমানে পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।




