
মোটরসাইকেলের উপর আয়কর নির্ধারণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মোটরসাইকেল রাইডারদের সংগঠন ‘রেডলাইন সেইফ রাইডার্স ক্লাব’ পূর্বধলা ।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে পূর্বধলা উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় । এতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন ।
মানববন্ধনে বক্তারা বলেন, মোটরসাইকেল ক্রয়ের সময়ই ক্রেতাদের উচ্চহারে “ট্যাক্স” পরিশোধ করতে হয় । এছাড়াও প্রতি বছর রোডের ট্যাক্স দিতে হচ্ছে । এরপর আবার নতুন করে অগ্রিম আয়কর আরোপ করা সাধারণ মোটরসাইকেল চালকদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে । তাই দ্রুত এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান তারা ।
রেডলাইন সেইফ রাইডার্স ক্লাবের সভাপতি ইমতিয়াজ আহমেদ সজীবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাকিব আবদুল্লাহর সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য দেন পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে বি এম নোমান শাহরিয়ার, রেডলাইনের সিনিয়র সদস্য আবদুল মান্নান, খাইরুল ইসলাম, বৈশাখী ছাত্রসংঘের সাধারণ সম্পাদক তুষার দত্ত, এসি ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল হক এবং পূর্বধলা যুব উন্নয়ন সংঘের সভাপতি রুবায়েতুজ্জামান রাপ্পুসহ অনেকেই ।




