
জয়পুরহাটের ক্ষেতলালে শিক্ষার্থীদের সাঁতারে দক্ষতা বৃদ্ধি পানিতে ডুবে দুর্ঘটনার ঝুঁকি মোকাবিলা এবং নিরাপদ সাঁতার সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে ১৫ দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে ক্ষেতলাল উপজেলা পরিষদের পুকুরে এ কর্মসূচির উদ্বোধন করেন জয়পুরহাটের জেলা প্রশাসক মো আল মামুন মিয়া।
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৬-২০২৭-এর আওতায় জয়পুরহাট জেলা ক্রীড়া অফিস এ প্রশিক্ষণের আয়োজন করে। এতে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের নতুন কুঁড়ি তে নিবন্ধিত শিক্ষার্থীরা অংশ নিচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সি। ১৫ দিনব্যাপী এ প্রশিক্ষণে শিক্ষার্থীদের সাঁতারের মৌলিক কৌশল ও দক্ষতা বাড়ানোর পাশাপাশি পানিতে ডুবে যাওয়ার ঝুঁকি মোকাবিলা এবং নিরাপদ সাঁতার শেখানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন মোয়াজ্জেম হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রউফ, জেলা ক্রীড়া কর্মকর্তা গৌতম কুমার সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাবেদ ইকবাল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক, ফায়ার সার্ভিসের কর্মীরা, ক্ষেতলাল পৌর বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক আব্দুল আলিম, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক নাফিউল হাদি মিঠু এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব রবিউল ইসলাম লিটনসহ অন্যরা।




