
ঝিনাইদহের মহেশপুরে দরিদ্র নারীদের সামাজিক ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে অভিভাবক সমাবেশ, কিশোরীদের উদ্বুদ্ধকরণ, সচেতনতামূলক প্রশিক্ষণ ও চেক বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর ) মহেশপুর উপজেলার খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ে ‘দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প’-এর আওতায় এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল গ্রামীণ জনপদের নারীদের সচেতনতা বৃদ্ধি ও তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দারিদ্র্য বিমোচনে সহায়তা করা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)-এর পরিচালক (উপসচিব) জনাব আশাফুর রহমান।এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা, মো: মাহমুদুল হাসান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: হেলেনা আক্তার নিপা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জনাব আশাফুর রহমান বলেন, বর্তমান সরকার নারীদের উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। নারীরা স্বাবলম্বী হলে পরিবার তথা পুরো সমাজ উপকৃত হয়। বিআরডিবির এ ধরনের উদ্যোগ গ্রামীণ নারীদের আত্মবিশ্বাসী ও স্বাবলম্বী হতে ব্যাপকভাবে উৎসাহিত করবে।’ তিনি আশা প্রকাশ করেন যে, আজকের এই চেক বিতরণ ও সচেতনতামূলক প্রশিক্ষণ নারী ও কিশোরীদের উন্নয়নে সুদূরপ্রসারী ভূমিকা রাখবে।
সভাপতিত্ব করেন স্থানীয় বিআরডিবি-এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি, বিআরডিবি-এর কর্মকর্তাবৃন্দ এবং সুবিধভোগী কিশোরী ও নারীরা। বক্তারা নারীর অধিকার ও সামাজিক উন্নয়নে সচেতনতার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে স্থানীয় সুবিধাভোগী নারী ও কিশোরীদের মধ্যে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অনুদানের চেক বিতরণ করা হয়। প্রশিক্ষণের মাধ্যমে তারা কীভাবে ছোটখাটো উদ্যোগ শুরু করতে পারে, সে বিষয়েও পরামর্শ দেওয়া হয়। বিআরডিবি-এর উদ্যোগে খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠান এলাকায় নারীদের ক্ষমতায়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে প্রশংসিত হয়েছে।




