
পর্যটননগরী কুয়াকাটায় তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে যুবসমাজকে দূরে রাখতে শুরু হচ্ছে ‘কুয়াকাটা প্রেসক্লাব নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। জমজমাট এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে স্থানীয় ৪৩টি দল। সবমিলিয়ে মাঠ মাতাবেন প্রায় ৩০১ জন খেলোয়াড়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় কুয়াকাটা প্রেসক্লাব মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টটির উদ্বোধন হওয়ার কথা রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে ইতোমধ্যে কুয়াকাটায় সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে ব্যাপক প্রচারণা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুয়াকাটা পৌরসভার প্রশাসক ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, ক্রীড়াপ্রেমীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থাকবেন।
টুর্নামেন্ট ঘিরে প্রেসক্লাবে প্রস্তুতি সভা
টুর্নামেন্ট আয়োজন উপলক্ষে কুয়াকাটা প্রেসক্লাবে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরনসহ প্রেসক্লাবের সদস্য এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যরা অংশ নেন।
সভায় টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনা, খেলোয়াড়দের নিরাপত্তা, মাঠের শৃঙ্খলা, খেলার নিয়ম-কানুন, দর্শকদের নিয়ন্ত্রণ এবং টুর্নামেন্টটি সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি তরুণদের খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করে ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
আয়োজকরা জানান, তরুণ সমাজের মধ্যে খেলাধুলার চর্চা বাড়ানো এবং তাদের জন্য সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক, ইভটিজিং ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রেখে একটি সুন্দর, সুস্থ ও নিরাপদ সামাজিক পরিবেশ গড়ে তুলতে এ টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা আয়োজকদের।
নিয়ম-কানুনে থাকবে কঠোরতা
টুর্নামেন্ট পরিচালনায় নির্ধারিত নিয়ম-কানুন কঠোরভাবে অনুসরণ করা হবে। আয়োজকদের ঘোষণা অনুযায়ী, কোনো খেলোয়াড় মাঠের সীমানা অতিক্রম করে বল বাইরে পাঠালে কিংবা খেলার নিয়ম ভঙ্গ করলে সংশ্লিষ্ট খেলোয়াড়কে ২ মিনিটের জন্য মাঠের বাইরে থাকতে হবে। এ সময়ে তার পরিবর্তে কোনো অতিরিক্ত খেলোয়াড় মাঠে নামতে পারবেন না।
চ্যাম্পিয়ন-রানার্সআপের জন্য আকর্ষণীয় পুরস্কার
টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ২৫ হাজার টাকা ও আকর্ষণীয় ট্রফি। রানার্সআপ দল পাবে ১৫ হাজার টাকা ও আকর্ষণীয় ট্রফি। এছাড়া ম্যান অব দ্য টুর্নামেন্টসহ সেরা খেলোয়াড়দের জন্যও থাকছে বেশ কিছু আকর্ষণীয় ব্যক্তিগত পুরস্কার।
টুর্নামেন্ট আয়োজক মাসুদ পারভেজ সাগর বলেন, “কুয়াকাটার তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং একটি সুন্দর, সুস্থ ও আনন্দময় পরিবেশ সৃষ্টি করাই এ আয়োজনের মূল লক্ষ্য। টুর্নামেন্টটি সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আমরা সর্বাত্মক চেষ্টা করছি।”
তিনি টুর্নামেন্ট সফল করতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, ক্রীড়াপ্রেমী ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
আয়োজকদের প্রত্যাশা, ৪৩টি দলের অংশগ্রহণে ‘কুয়াকাটা প্রেসক্লাব নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা হিসেবেই নয়, বরং কুয়াকাটার তরুণ সমাজকে খেলাধুলার মাধ্যমে ইতিবাচক, সৃজনশীল ও সুন্দর কর্মকাণ্ডে সম্পৃক্ত করার একটি প্রাণবন্ত উদ্যোগ হিসেবে দৃষ্টান্ত স্থাপন করবে।





