ব্রাহ্মণবাড়িয়ায় ‘তোমার জেলার নদীকে জানো’ প্রতিযোগিতা

নদী, খাল ও পুকুর সম্পর্কে শিক্ষার্থীদের জ্ঞান ও সচেতনতা বাড়াতে ব্রাহ্মণবাড়িয়ায় ‘তোমার জেলার নদীকে জানো’ শীর্ষক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া গভর্নমেন্ট মডেল গার্লস হাই স্কুলে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের ব্রাহ্মণবাড়িয়া জেলার নদ-নদীর সংখ্যা ও নাম, পৌরসভা বেষ্টিত তিতাস নদীর সঙ্গে সংযুক্ত খালের সংখ্যা ও নাম এবং নিজ নিজ মহল্লার পুকুরের সংখ্যা ও নাম লিখতে দেওয়া হয়।

প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে ২ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ১ হাজার ৫০০ টাকা এবং তৃতীয় পুরস্কার হিসেবে ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য ৫০০ টাকা করে শিক্ষা উপবৃত্তির ব্যবস্থাও রাখা হয়েছে।

প্রতিযোগিতা পরিদর্শন করেন জেলা তথ্য অফিসের দীপক চন্দ্র দাস এবং গভর্নমেন্ট মডেল গার্লস হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল লতিফ।

এ সময় উপস্থিত ছিলেন ‘ঢেউ’-এর আহ্বায়ক সোহেল আহাদ, সদস্য সচিব আইফাত ইসলাম, ‘নোঙর’-এর সভাপতি মো. মনির হোসেন, ‘ঐক্যবদ্ধ সদর’-এর আহ্বায়ক শেখ আরিফ বিল্লাহ আজিজি এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) মো. আলামিন।

এ ছাড়া সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আকরাম খন্দকার, মো. স্বপন, সদস্য হাবিব উদ্দিন আহমেদ, খোকন মিয়া, ছানাউল হক, ইয়াছমিন আকতার ও জান্নাতুল মাওয়াসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, নদী-খাল ও জলাশয় সম্পর্কে নতুন প্রজন্মকে ধারণা দেওয়া এবং এসব প্রাকৃতিক জলাধার রক্ষায় তাদের মধ্যে সচেতনতা তৈরি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন