ফটিকছড়িতে ২৫তম ঐতিহাসিক জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ.) অনুষ্ঠিত

চট্টগ্রামের ফটিকছড়িতে আহলে সুন্নাত ওয়াল জামা’আত নারায়ণহাট শাখার উদ্যোগে ২৫তম ঐতিহাসিক জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ.) যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) সকাল ৮টায় নারায়ণহাট ভূমি অফিস চত্বর থেকে জুলুছের মূল জমায়েত শুরু হয়। পরে জুলুছটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নারায়ণহাট ইসলামিয়া মহিলা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

আহলে সুন্নাত ওয়াল জামা’আত নারায়ণহাট শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ ইয়াকুব (মা.জি.আ.)-এর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন নারায়ণহাট ইসলামিয়া মহিলা দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সুপার মাওলানা মুহাম্মদ শফিউল আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণহাট ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ আ.ও.ম. ফারুক হোসাইন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত ফটিকছড়ি উত্তর শাখার আহ্বায়ক মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন আলকাদেরী। তিনি মহানবী হযরত মুহাম্মদ (দ.)-এর শান-মান ও ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য তুলে ধরেন।

জশনে জুলুছ উদযাপন কমিটির আহ্বায়ক কাজী মাওলানা মুহাম্মদ আবু বকর হোসাইনী ও সচিব মাওলানা মুহাম্মদ আবু তৈয়বের সার্বিক তত্ত্বাবধানে জুলুছে বিপুলসংখ্যক ওলামায়ে কেরাম, ধর্মপ্রাণ মুসল্লি ও আশেকে রাসুল অংশগ্রহণ করেন। এতে নারায়ণহাট এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আয়োজক কমিটির পক্ষ থেকে জুলুছে অংশগ্রহণকারী সকল আশেকে রাসুল, ধর্মপ্রাণ মুসল্লি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

পরে মিলাদ ও কিয়াম শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন