ফটিকছড়িতে ৪ লাখ ভোল্টের টাওয়ারের চূড়া থেকে যুবক উদ্ধার, পরিচয় নিশ্চিত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার ফকিরহাট এলাকায় ৪ লাখ ভোল্টেজের উচ্চ ক্ষমতাসম্পন্ন জাতীয় গ্রিড বিদ্যুতের টাওয়ারের চূড়া থেকে তানজীব (২৫) নামের এক যুবককে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টার দিকে ফকিরহাট এলাকায় স্থানীয়রা বিশাল আকৃতির ওই বিদ্যুতের টাওয়ারের একেবারে চূড়ায় এক যুবককে বসে থাকতে দেখেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা বিষয়টি ফটিকছড়ি ফায়ার সার্ভিস স্টেশনে জানান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ বিভাগের সঙ্গে যোগাযোগ করে সংশ্লিষ্ট গ্রিড লাইনের বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হয়। এরপর ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন।

দীর্ঘ সময়ের শ্বাসরুদ্ধকর অভিযানের পর দুপুর সাড়ে ১টার দিকে যুবকটিকে অক্ষত অবস্থায় নিরাপদে টাওয়ারের নিচে নামিয়ে আনতে সক্ষম হন উদ্ধারকারীরা।

উদ্ধারের পর তার পরিচয় নিশ্চিত করা হয়েছে। উদ্ধার হওয়া তানজীব ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চরকলমী এলাকার সোহরাব সরদার ও রুনু দম্পতির ছেলে।

পুলিশ জানিয়েছে, তানজীবের পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর পর তাকে তাদের কাছে হস্তান্তর করা হবে।

তবে কীভাবে এবং কী কারণে ওই যুবক এত উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুতের টাওয়ারের চূড়ায় উঠেছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাটি ঘিরে ফকিরহাট এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন