কঠোর পরিশ্রম, দক্ষতা ও সততার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের চারাবটতল এলাকার সন্তান এবং ‘তৈয়্যবিয়া তাহারিয়া এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী মোঃ সাকিব। সততা ও দক্ষতার সাথে কাজ সম্পন্ন করে নিজের পেশাগত শ্রেষ্ঠত্ব প্রমাণের মাধ্যমে বার্জার পেইন্টস বাংলাদেশ এর পক্ষ থেকে দেশব্যাপী একজন দক্ষ পেইন্টার হিসেবে অফিসিয়াল স্বীকৃতি লাভ করেছেন তিনি।
বার্জার ট্রেনিং ইনস্টিটিউট, চট্টগ্রামের অধীনে পেইন্টিং ফর কনস্ট্রাকশন, লেভেল-২ (RPL অ্যাসেসমেন্ট)’ সফলভাবে সম্পন্ন করায় সম্প্রতি তাঁকে এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়। অর্জনের স্মারক হিসেবে গত ২৮ জুলাই বার্জার পেইন্টসের চট্টগ্রাম বিভাগীয় প্রধান মুহাম্মদ হোসাইন এবং টেকনিশিয়ান মোঃ নুরুল আমিন আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে বহুল কাঙ্ক্ষিত ‘লাল পেইন্টার পাসপোর্ট’ ও সনদপত্র তুলে দেন।
উল্লেখ্য, বার্জার পেইন্টসের ‘লাল পেইন্টার পাসপোর্ট’ কেবল পেশাদারিত্ব ও গুণগত মানের দিক থেকে সেরা এবং অত্যন্ত দক্ষ কারিগরদেরই প্রদান করা হয়ে থাকে। পেইন্টিং জগতে এটি অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত।
নিজের এই অর্জনে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে মোঃ সাকিব বলেন, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ মেহেরবানীতে আজ আমার এই সাফল্য। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সেই সাথে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ‘বার্জার পেইন্টস’ কর্তৃপক্ষকে, যারা আমার কাজের মূল্যায়ন করে আমাকে দেশব্যাপী দক্ষ পেইন্টার হিসেবে এই স্বীকৃতি ও লাল পাসপোর্ট প্রদান করেছে।
এদিকে রাঙ্গুনিয়ার কৃতি সন্তানের স্বনামধন্য এই প্রতিষ্ঠানের কাছ থেকে সম্মাননা অর্জনে স্থানীয় গুণীজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।




