বৃহস্পতিবার,৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

রামগতি পৌর এলাকার পানির লাইন খননকালে ৩টি রকেট সদৃশ বস্তু উদ্ধার

লক্ষ্মীপুরের রামগতি পৌর এলাকায় পানি সরবরাহ লাইনের কাজ করার সময় মাটির প্রায় সাড়ে ৪ ফুট গভীর থেকে ৩টি রকেট সদৃশ বস্তু পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানটি কর্ডন করে নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলেছে।

বুধবার (২৯ জুলাই) দুপুর ১২টার দিকে রামগতি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের আলেকজান্ডার শহরের ‘শহীদ মাস্টার বাড়ি’ সংলগ্ন প্রধান সড়ক থেকে বস্তুগুলোর সন্ধান পাওয়া যায়।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে আলেকজান্ডার এলাকার ওই সড়কে পানি সরবরাহ লাইন বসানোর জন্য শ্রমিকরা মাটি খনন শুরু করেন। কাজের একপর্যায়ে মাটির প্রায় সাড়ে ৪ ফুট (তিন হাত) গভীরে ধাতব বস্তুর উপস্থিতি টের পান তারা। পরে মাটি সরিয়ে ৩টি রকেট সদৃশ বস্তু দেখতে পেয়ে শ্রমিকরা বিষয়টি তাৎক্ষণিকভাবে রামগতি থানা পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি নিরাপত্তার চাদরে ঢেকে দেয়। এদিকে রকেট সদৃশ বস্তু উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করেন।
স্থানীয় বাসিন্দাদের ধারণামতে, বস্তুগুলো ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়কালের হতে পারে, যা দীর্ঘ দিন ধরে মাটির নিচে চাপা পড়ে ছিল।

এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রকেট সদৃশ ৩টি বস্তু চিহ্নিত করেছে। জননিরাপত্তা নিশ্চিত করতে পুরো এলাকা পুলিশি নিরাপত্তায় রাখা হয়েছে। বস্তুগুলো সরাসরি হাত না দিয়ে বা উদ্ধার না করে বোম্ব ডিসপোজাল ইউনিটকে (বোমা নিষ্ক্রিয়করণ দল) খবর দেওয়া হয়েছে। বিশেষজ্ঞ দলটি এসে রকেট সদৃশ বস্তুগুলোর প্রকৃত পরিচয় ও কারিগরি বিষয় পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
বিষয়টি নিয়ে পুলিশের তদন্ত ও আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন