
চট্টগ্রামের বোয়ালখালীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ নূর মোহাম্মদ (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্ব কালুরঘাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে পলিথিনে মোড়ানো ৪০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আজম খাঁন।
গ্রেপ্তার নূর মোহাম্মদ কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কুতুবজুম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তাইজ্জাকাটা গ্রামের মৃত কবির আহাম্মদের ছেলে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, ইয়াবা উদ্ধারের ঘটনায় নূর মোহাম্মদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।





