কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক প্রশাসক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সম্মানিত সহ-সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা জননেতা আলহাজ্ব মোঃ জাহিদ হোসেন জাফর ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (২২/০৪/২৬) দুপুর ১টা ৪০ মিনিটে যশোরের আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৭৫) বছর।
দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য ভারতের ভেলোরের একটি বিশেষায়িত হাসপাতালে দীর্ঘ সময় চিকিৎসা গ্রহণ করেন। সর্বশেষ অবস্থার অবনতি হলে দেশে এনে তাঁকে যশোরের আদ-দ্বীন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
মরহুম জাহিদ হোসেন জাফর ছিলেন কুষ্টিয়ার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। মহান মুক্তিযুদ্ধের সময় তিনি সক্রিয়ভাবে সংগঠকের ভূমিকা পালন করেন এবং স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। পরবর্তীতে তিনি জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে সততা, নিষ্ঠা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নেন।
রাজনীতির পাশাপাশি তিনি দীর্ঘদিন শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন। একজন আদর্শ শিক্ষক হিসেবে তিনি অসংখ্য শিক্ষার্থীর প্রেরণার উৎস ছিলেন। শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণমূলক কাজে তাঁর অবদান কুষ্টিয়াবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
তাঁর মৃত্যুতে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল বাদ আসর তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
একজন সাহসী মুক্তিযোদ্ধা, সৎ রাজনীতিবিদ, নিবেদিতপ্রাণ শিক্ষক ও মানবদরদী সমাজসেবকের প্রয়াণে কুষ্টিয়া জেলায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর আদর্শ ও কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।




